উপসংহার
ওপেন সোর্স দিয়ে শুরু করার এই কোর্স শেষ করার আগে চলুন মূল শিক্ষণীয় বিষয়গুলো আরেকবার দেখে নিই এবং জেনে নিই আপনার ওপেন সোর্স যাত্রায় এরপর কী।
মূল শিক্ষণীয় বিষয়
এই কোর্সে আমরা ওপেন সোর্সের জগৎ বুঝতে ও এতে পথ চলতে সহায়ক নানা বিষয় নিয়ে আলোচনা করেছি:
-
ওপেন সোর্স কী?: আমরা ওপেন সোর্সের সংজ্ঞা, এর ইতিহাস এবং ওপেন সোর্স আন্দোলনকে পথ দেখানো মূলনীতিগুলো নিয়ে কথা বলেছি।
-
কেন ওপেন সোর্স?: ওপেন সোর্স প্রজেক্টে যুক্ত হওয়ার সুবিধাগুলো আমরা দেখেছি, যার মধ্যে আছে জ্ঞান, কমিউনিটি এবং দক্ষতা উন্নয়নের সুযোগ।
-
সফল হওয়ার টুলসমূহ: আমরা ওপেন সোর্স কন্ট্রিবিউটরদের জন্য অপরিহার্য টুল ও প্ল্যাটফর্মের সাথে পরিচিত হয়েছি, যেমন GitHub, Git, CodeSee, Visual Studio Code ও Discord।
-
ওপেন সোর্সে কীভাবে অবদান রাখবেন: আমরা আলোচনা করেছি কাজ করার মতো প্রজেক্ট খুঁজে নেওয়া, অবদান জমা দেওয়া, নতুন প্রজেক্টে অনবোর্ডিং এবং অবদান জমা দেওয়ার পর কী ঘটে, সেসব বিষয়ে।
-
সিক্রেট সস: ওপেন সোর্স অবদান শুরু করা, নিজের অবদানে গতি আনা এবং আধুনিক টুল ও প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের ওপেন সোর্স রিজিউমি তৈরির কৌশল আমরা জেনেছি।
-
ওপেন সোর্স অবদানের ধরন: ওপেন সোর্সে কোডিং ও নন-কোডিং অবদানের ধরনগুলো আমরা উদাহরণসহ দেখেছি।
এই ধারণাগুলো বুঝে এবং আলোচিত কৌশলগুলো প্রয়োগ করলে আপনি সফল একটি ওপেন সোর্স যাত্রা শুরু করার জন্য ভালোভাবে প্রস্তুত থাকবেন।
এরপর কী?
এই কোর্স থেকে পাওয়া জ্ঞান ও টুল নিয়ে আপনি এখন ওপেন সোর্সের জগতে ঝাঁপিয়ে পড়তে এবং অর্থবহ অবদান রাখা শুরু করতে প্রস্তুত। ওপেন সোর্স যাত্রা চালিয়ে যেতে আপনার জন্য কিছু পরবর্তী পদক্ষেপ:
-
নিজের আগ্রহ ও লক্ষ্য চিহ্নিত করুন: ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখা শুরুর আগে নিজের আগ্রহ, ভালোবাসা ও লক্ষ্য নিয়ে একটু ভাবুন। এতে আপনার মূল্যবোধ ও উদ্দেশ্যের সাথে মিলে যায়, এমন প্রজেক্ট খুঁজে পেতে সুবিধা হবে।
-
অবদান রাখার মতো প্রজেক্ট খুঁজুন: আপনার আগ্রহ ও দক্ষতার সাথে মেলে, এমন ওপেন সোর্স প্রজেক্ট খুঁজে পেতে GitHub, OpenSauced ও CodeTriage-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন। সক্রিয় কমিউনিটি, স্পষ্ট ডকুমেন্টেশন এবং সুনির্দিষ্ট অবদান নির্দেশিকা আছে, এমন প্রজেক্ট বেছে নিন।
-
অবদান রাখা শুরু করুন: অবদান রাখার মতো প্রজেক্ট ঠিক করার পর ছোট ও সামলানো যায় এমন কাজ দিয়ে শুরু করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং অভিজ্ঞতা হবে। স্বাচ্ছন্দ্য বাড়ার সাথে সাথে আরও জটিল কাজ ও চ্যালেঞ্জ নিন।
-
ওপেন সোর্স কমিউনিটির সাথে যুক্ত হোন: আপনার পছন্দের প্রজেক্টগুলোর সাথে সম্পর্কিত অনলাইন ফোরাম, চ্যাট প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া গ্রুপে যোগ দিন। অন্য কন্ট্রিবিউটরদের সাথে মিশুন, প্রশ্ন করুন এবং নিজের জ্ঞান ভাগ করে নিন।
-
ইভেন্ট ও সম্মেলনে অংশ নিন: অন্যদের কাছ থেকে শিখতে, সহ-ডেভেলপারদের সাথে নেটওয়ার্ক গড়তে এবং ওপেন সোর্স জগতের সর্বশেষ ট্রেন্ড ও সেরা চর্চা সম্পর্কে হালনাগাদ থাকতে ওপেন সোর্স ইভেন্ট, সম্মেলন ও মিটআপে অংশ নিন।
-
নিজের অভিজ্ঞতা ভাগ করুন: ব্লগ পোস্ট লিখে, টিউটোরিয়াল বানিয়ে বা উপস্থাপনা দিয়ে নিজের ওপেন সোর্স যাত্রার কথা নথিবদ্ধ করুন। এতে অন্যরা আপনার অভিজ্ঞতা থেকে শিখতে পারবে, আর ওপেন সোর্স কমিউনিটিতে আপনিও একজন চিন্তানায়ক হিসেবে পরিচিতি পাবেন।
-
শেখা চালিয়ে যান: ওপেন সোর্স একটি গতিশীল ও ক্রমবিকাশমান ক্ষেত্র। কর্মশালায় অংশ নিয়ে, অনলাইন কোর্স করে এবং ওপেন সোর্স ডেভেলপমেন্ট বিষয়ে প্রবন্ধ ও বই পড়ে সর্বশেষ টুল, কৌশল ও সেরা চর্চার সাথে হালনাগাদ থাকুন। আরও তথ্যের জন্য আমরা একটি অতিরিক্ত রিসোর্স অংশ যুক্ত করেছি।
সবশেষে বলা যায়, ওপেন সোর্স যাত্রা শুরু করা একটি পরিতৃপ্তিদায়ক ও সমৃদ্ধ অভিজ্ঞতা। এর মাধ্যমে আপনি নতুন দক্ষতা অর্জন করতে, সমমনাদের সাথে যুক্ ত হতে এবং যেসব প্রজেক্টে কাজ করবেন সেখানে স্থায়ী ছাপ রেখে যেতে পারেন। এই কোর্স থেকে পাওয়া জ্ঞান ও টুল নিয়ে আপনি ওপেন সোর্স জগতে অপেক্ষমাণ উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ ও সুযোগের মোকাবিলা করতে ভালোভাবেই প্রস্তুত। তাই এগিয়ে যান এবং অবদান রাখা শুরু করুন। ওপেন সোর্স কমিউনিটি আপনার অংশগ্রহণের অপেক্ষায় আছে!